হবিগঞ্জে এনসিপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা দেওয়ায় পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, বুধবার বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। একই সময়ে জেলা ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোও কর্মসূচি ঘোষণা করেছে। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা থাকায় উত্তেজনা, সংঘর্ষ এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আদেশে হবিগঞ্জ পৌর এলাকার পৌরসভা মাঠ, তিনকোনা পুকুরপাড়, শায়েস্তানগর, সিনেমা হল সড়ক, চৌধুরী বাজার, টাউন হল রোড, কোর্ট স্টেশন এলাকা ও ডিসি অফিস সংলগ্ন এলাকাসহ সংশ্লিষ্ট স্থানে সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ কিংবা জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ইট-পাটকেল, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কোনো বস্তু বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে, এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। এর অংশ হিসেবে হবিগঞ্জ পৌরসভা মাঠে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।
অন্যদিকে, একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলো। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
