কারিগরি ত্রুটির কারণে তিতাসের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকাগুলোতে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।
মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, 'কারিগরি ত্রুটির কারণে মহেশখালীস্থ এলএনজি টার্মিনালসমূহ হতে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি হ্রাস পাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।'
পোস্টে সাময়িক এই সমস্যার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখও প্রকাশ করেছে।
