রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
রাজধানীর অপরাধ বৃদ্ধি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর দুই মাসের পর্যবেক্ষণে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখছেন বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি জানান, নগরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। এর ফলে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনা কমেছে।
এদিকে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং কর্মক্ষেত্রের চাপ কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। পুলিশ সদস্যদের আত্মহত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যক্তিগত কোনো কারণে কেউ যদি মানসিক চাপে থাকেন, তবে তারা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় সাহায্য গ্রহণ করেন।
এ সময় ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীর থানাগুলোতে কর্মরত সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে।
