বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে নির্মাণের উদ্যোগ নেবে সরকার
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, 'ঝিনাইদহ পৌর এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যটি নির্মাণগত ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় ছিল। উপযুক্ত স্থানে মুক্তিযুদ্ধের এই বীরের অবয়ব যথাযথভাবে তুলে ধরে নতুন একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।'
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভাস্কর্যটি ভাঙচুরের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'প্রায় ১০ বছর আগে ভাস্কর্যটির নির্মাণকাজ শুরু হলেও তা শেষ হয়নি। এ নিয়ে দুটি প্রধান অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো যৌক্তিক। প্রথমত ভাস্কর্যের আবক্ষ মূর্তির সঙ্গে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রকৃত চেহারার মিল নেই। দ্বিতীয়ত, বেদী অতিরিক্ত উঁচু হওয়ায় সড়কের মোড়টি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।'
ডা. জাহেদ বলেন, 'জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রকৃত অবয়ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে যথাযথভাবে তুলে ধরে আরও মানসম্মত একটি আবক্ষ ভাস্কর্য সুবিধাজনক স্থানে নির্মাণ করা হবে।'
প্রসঙ্গত, ২০১২ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল করিম মিন্টু পৌরসভার মেয়র থাকাকালে মাগুরা সড়কের চার রাস্তা মোড়ে 'বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর' নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩২ লাখ টাকা।
তবে দীর্ঘদিন পর প্রকল্পটির কাজ শুরু হয়। ২০১৬ সালে আংশিক নির্মাণকাজ হলেও সেটি শেষ করা হয়নি। ফলে ভাস্কর্যটির উদ্বোধনও আর হয়নি এবং এটি দীর্ঘদিন অসমাপ্ত অবস্থায় পড়ে ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন বিকেলে শত শত মানুষ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর গত বুধবার থেকে কিছু শ্রমিক আবার ভাস্কর্যটি ভাঙার কাজ শুরু করে।
এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে রোববার থেকে ভাস্কর্যটি ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে।
