শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, 'সরকার এসব কর্মকাণ্ডকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।'
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা ঢাকা ও দু-একটি জেলায় কিছু স্পটে দেখেছি, আন্দোলনকারীদের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু মিডিয়াতে আসায় বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না।'
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে নিজেদের পরিচয় গোপন করে কিছু মহল সবসময়ই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সেটিই দৃশ্যমান হয়েছে। লক্ষ্য করলে দেখা যায়, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই আসলে ছাত্র নয়, এমনকি পরীক্ষার্থীও নয়।'
শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীরা তাদের দাবি ইতোমধ্যেই শিক্ষামন্ত্রী ও সরকারকে জানিয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তবে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে সরকার নিশ্চিত করেছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়ও ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আমরাও তাগাদা দিয়েছি। আমরা চাই তিনি দেশে ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোন।'
তিনি আরও যোগ করেন, 'যেহেতু তিনি (শেখ হাসিনা) ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হয়েছেন, তাই তার আদালতে আত্মসমর্পণের সুযোগ আছে কি না সেটি আইনজ্ঞরা বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।'
এছাড়া বিদেশের মাটিতে পলাতক বাংলাদেশের ওয়ারেন্টভুক্ত আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ফেরত আনতে প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে।
