মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৫তম দিনে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল জানতে চান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা গণহত্যার শিকার হয়েছেন, তাদের তালিকা প্রণয়ন করা হবে কি না। পাশাপাশি শহীদ পরিবারের সঠিক সংখ্যা ও গণহত্যার নির্ভুল তালিকা প্রকাশে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তা কবে থেকে শুরু হতে পারে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার এত বছর পরেও তাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। অথচ তাদের এই আত্মত্যাগের বিনিময়েই আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।'
তিনি বলেন, 'বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে।'
প্রধানমন্ত্রী জানান, ওই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বিস্তারিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সেই পরিকল্পনার ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়ন।
তিনি আরও জানান, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার এবং সকল শহীদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান সম্ভব হবে।
