টানা বৃষ্টিতে যাত্রী কমেছে, আয় কমে বিপাকে রাইড শেয়ারিং চালকেরা
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাবে শুধু নগরবাসীর চলাচলই নয়, রাইড শেয়ারিং চালকদের আয়ও কমেছে। সড়কে পানি জমে থাকায় যাত্রী কমে গেছে, বেড়েছে বাইক চালানোর ঝুঁকি।
ফলে স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে ট্রিপের সংখ্যা ও দৈনিক আয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার ইস্কাটনে যাত্রী পৌঁছে দিয়ে টিবিএসের সঙ্গে কথা বলেন পাঠাও রাইডার জাহিদুর ইসলাম।
তিনি বলেন, "বৃষ্টির কারণে এখন আগের মতো যাত্রী পাচ্ছি না। বৃষ্টি শুরুর আগে দিনে ৮ থেকে ১০টি ট্রিপ দিতাম। গতকাল পেয়েছি মাত্র ৩ থেকে ৪টি ট্রিপ। এর মধ্যে একটি আবার বাতিল হয়েছে।"
জাহিদুর জানান, বৃষ্টির মধ্যে বাইক চালানোও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, "পানির মধ্যে বাইক চালানো খুব কষ্ট। অনেক জায়গায় পানি জমে থাকে, ঝুঁকি নিয়ে চলতে হয়। আবার বৃষ্টির কারণে অনেক যাত্রীও বাইকে উঠতে চান না।"
তিনি আরও বলেন, বৃষ্টির দিনে শুধু যাত্রীই কমে না, প্রতিটি ট্রিপ শেষ করতেও আগের তুলনায় বেশি সময় লাগে। জলাবদ্ধতা ও যানজটের কারণে একই দূরত্ব পাড়ি দিতে সময় বেড়ে যায়। এতে দৈনিক আয় কমে গেলেও জ্বালানি ও অন্যান্য পরিচালন ব্যয় আগের মতোই থাকে।
জাহিদুরের মতো অনেক রাইডারের আয়ের বড় অংশ দৈনিক ট্রিপের ওপর নির্ভরশীল। তাই টানা কয়েক দিনের বৃষ্টি তাদের আয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।
