জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০.২১ টাকা থেকে ১৯.২২ টাকা কমিয়ে ১৩০.৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করা হয়, যা আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
গত মাসে জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল ১৫.৬৭ টাকা। আর গত মে মাসে দুই দফায় কমানো হয়েছিল ৬১.১২ টাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরের শুরুতে জেট ফুয়েলে দাম বাড়ানো হয়েছিল। এরপর যুদ্ধবিরতি শুরু হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হয়।
যুদ্ধ শুরুর পর গত মার্চে দুই দফায় ১০৭ টাকা ও এপ্রিলে এক দফায় ২৪.৭৯ টাকা বাড়ানো হয়। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এ দাম ছিল ৯৫.১২ টাকা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও ওই অঞ্চলের বিভিন্ন দেশে হামলা শুরু করে। এতে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা দেখা দেয়।
গত বছরের মে মাস থেকে প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করে আসছে বিইআরসি। আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েলের দাম নির্ধারণ করত। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়।
এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিইআরসিকে ফার্নেস অয়েল, জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার দেওয়া হয়।
প্রজ্ঞাপনের পর ২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।
