সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। এ ঘটনায় আসামি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য ও এক সোর্সকে কুপিয়ে জখম করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। তারা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তিনি দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে নিয়ে অভিযানে যান। এদিন মহাসড়কে বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাই মামলার এক আসামিকে ধরতে সেখানে যায় পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছানোর পর আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুমকে জখম করে। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন। আহত তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, 'মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
