চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে হত্যার দায়ে আব্দুল হান্নান (৪৪) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নৃশংস ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে শনাক্ত ও আটক করে।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান সন্দ্বীপ উপজেলার ৩ নম্বর সন্তোষপুর ইউনিয়নের গোয়াচহাজীর বাড়ি এলাকার বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী তাকে এই দণ্ড প্রদান করেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুকুরটিকে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করার পর ইউএনও'র নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছে। কুকুরটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও তাকে দীর্ঘ সময় পানির নিচে চেপে ধরে রাখা হয়। এ সময় আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি কুকুরটিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও অভিযুক্ত আব্দুল হান্নান তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে কুকুরটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেটিকে পানি থেকে তুলে আনা হয়।
স্থানীয় সাংবাদিক আলী হোসাইন জানান, ঘটনাটি সন্তোষপুর ইউনিয়নে ঘটেছে। উপস্থিত লোকজন বাধা দিলেও আব্দুল হান্নান তা উপেক্ষা করে কুকুরটিকে নৃশংসভাবে হত্যা করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে, কুকুরটিকে হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রাণীপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। নেটিজেনরা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন।
