রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে পুলিশ
ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
গত বুধবার রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে খেলা দেখা হয়। এটা আমরা নজরদারি করছি। ডিএমপির সব থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় এরকম স্ক্রিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও লোক রাখবে, আমরাও লোক রাখব। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।'
নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'আনন্দটা যেন আনন্দ পর্যায়ে থাকে। কোনো বিষাদে পরিণত না হয়। আর আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। অপোজিট পক্ষকে আমরা মেনে নেব। খেলায় হার-জিত থাকবে। আমরা এটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে।'
পুলিশ বলছে, গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজাচ্ছিল। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় স্থানীয় বিএনপির ইউনিট সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন একই ইউনিটের সভাপতি সাদ্দাম হোসেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও ডিবি।
