কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবকের মরদেহ দেশে পৌঁছেছে
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ আজ সকালে দেশে পৌঁছেছে।
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কানাইঘাটের নিহত পাঁচ যুবকের মরদেহ। নিহতদের স্বজনরা আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় তাদের হাতে আর্থিক সহায়তার চেকও তুলে দেওয়া হয়।
পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কানাইঘাটের ঝিংগাবাড়ী এলাকার নিজ নিজ বাড়িতে নেওয়া হয়। কফিনগুলো বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর জানান, দুপুরে স্থানীয় মাদ্রাসা মাঠে পাঁচজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
এর আগে গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন—ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।
