মনোনয়নের সময় দুই বস্তা টাকা নিয়ে এলে সাধারণ ও যোগ্য প্রার্থীদের আর জায়গা থাকে না: রুমিন ফারহানা
দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্যের সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, বড় দলগুলো মুখে অনেক প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে টাকার কাছে সব সমীকরণ বদলে যায়। মনোনয়নের সময় কেউ যদি দুই বস্তা টাকা নিয়ে হাজির হয়, তখন সাধারণ ও যোগ্য প্রার্থীদের আর কোনো জায়গা থাকে না।
শনিবার (২০ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত 'রাজনীতিতে নারীর অংশগ্রহণ: সুযোগ ও সীমাবদ্ধতা' শীর্ষক আলোচনা সভায় নিজের রাজনৈতিক লড়াই ও অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, "২০১৮ সাল থেকে যখন আমি আমার নির্বাচনী এলাকায় কাজ শুরু করি, তখন থেকেই আমি কোনো দলের ওপর অন্ধভাবে নির্ভর করিনি। শুনতে অবাক লাগলেও এটিই সত্য। কারণ আমি বুর্জোয়া দলগুলোর চরিত্র চিনি। তারা মুখে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষ মুহূর্তে কেউ যদি দুই বস্তা টাকা নিয়ে যায়, তখন আর সাধারণ বা যোগ্য প্রার্থীদের জায়গা থাকে না।"
নেতাদের পকেটে টাকা দিয়ে মনোনয়ন কেনার তীব্র বিরোধিতা করে তিনি জানান, "আমি কোনোভাবেই টাকা দিয়ে মনোনয়ন কিনব না। সেই টাকা আমি জনগণের জন্য নির্বাচনে খরচ করতে পারি, কিন্তু নেতাদের পকেট ভারী করতে দেব না।"
নির্বাচনী মাঠের বাস্তবতার কথা মাথায় রেখে নিজের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমার মানসিক প্রস্তুতি সবসময়ই সুনির্দিষ্ট ছিল—পঞ্চাশ শতাংশ সুযোগ আছে দল থেকে মনোনয়ন পাওয়ার, আর বাকি পঞ্চাশ শতাংশ সুযোগ আছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। আমি যেকোনো পরিস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। আর আমার এই প্রস্তুতি মাত্র দেড় মাসের নয়; এটি দীর্ঘ আট বছরের সুপরিকল্পিত প্রস্তুতি।"
আলোচনা সভায় তিনি আরও উল্লেখ করেন, রাজনীতিতে নারীদের টিকে থাকতে হলে শুধু দলের ওপর ভরসা না করে নিজস্ব সামর্থ্য, জনগণের সাথে সম্পৃক্ততা এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে লড়ার মানসিকতা থাকা জরুরি।
