কিউএস র্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ২০২৭ সালের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অধিকার করেছে। গত দুই বছরের র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত রাঙ্কিংয়ের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য বর্তমানে মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়। প্রকাশিত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮.৩।
কর্মসংস্থান ফলাফল সূচকে বিশ্ববিদ্যালয়টি ৯৫ স্কোর অর্জন করেছে, যা স্নাতকদের কর্মক্ষেত্রে উচ্চ গ্রহণযোগ্যতা ও সফলতার প্রতিফলন।
একই সঙ্গে নিয়োগদাতাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়টির সুনাম সূচকে প্রাপ্ত ৫০.৮ স্কোর চাকরিদাতাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক ভাবমূর্তিকে নির্দেশ করে।
আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬১.১, যা আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। টেকসই উন্নয়ন সূচকে বিশ্ববিদ্যালয়টি ৬০.৬ স্কোর অর্জন করেছে, যা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উনয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এর অঙ্গীকারকে তুলে ধরে।
অন্যদিকে, সাইটেশনস পার ফ্যাকাল্টি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর যথাক্রমে ৮ ও ৮। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে ২ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১.৪ স্কোর অর্জিত হয়েছে।
