শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও শিক্ষা ধারার সমন্বয়কে চারটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী প্রযুক্তি অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত 'কেমব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই শিক্ষা খাতের জন্য একটি দীর্ঘমেয়াদি ও সুস্পষ্ট ভিশন নির্ধারণ করেছে। এই ভিশনের লক্ষ্য বিশ্বমানের নাগরিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করা।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ২৭টির বেশি শিক্ষা ধারা বিদ্যমান রয়েছে। মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমান সুযোগ পায়।
শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা সম্ভব নয়। তিনি জানান, দেশের শিক্ষকদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে কেমব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিসহ বিভিন্ন আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ হাইকমিশন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
