স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে এসেছেন। শুক্রবার তিনি বাংলাদেশে পৌঁছান।
স্থলপথে তার এই আগমনকে বাংলাদেশ ও ভারতের সীমান্ত যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, স্থলবন্দর দিয়ে তার এই প্রবেশ ভারত সরকারের সাম্প্রতিক নীতিগত উদ্যোগগুলোর সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। চলতি সপ্তাহেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন 'ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম' চালু করেছেন।
শুক্রবার সকালে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে। এ সময় নতুন দূতের সঙ্গে তার স্ত্রী মিনাল ত্রিবেদীও ছিলেন।
দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী জানান, তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে কাজ করতে চান।
গত বৃহস্পতিবার কলকাতায় দীনেশ ত্রিবেদী বলেছিলেন, 'আমার প্রথম ও একমাত্র অগ্রাধিকার হলো—বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যকার সম্পর্ক। আমরা ভাই-বোন। আমাদের স্বপ্নগুলোও এক। একই আকাশ, একই বাতাস এবং আমাদের সমস্যাগুলোও একই। তাই আমরা ভুল পথে যেতে পারি না। আমাদের শুধু প্রয়োজন ভালোবাসা আর আন্তরিকতা। এর মাধ্যমেই সব সমস্যার সমাধান হয়ে যায়।'
কে এই দীনেশ ত্রিবেদী?
গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে তাদের পরবর্তী হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে।
দীনেশ ত্রিবেদী একসময় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে তিনি ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
