দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করছে এই সরকারের সাফল্য-ব্যর্থতা।'
আজ সোমবার (৮ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এসব কথা বলেন।
এসময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনের পরিসংখ্যানের বরাত দিয়ে রুমিন ফারহানা বলেন, 'সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।'
দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয় চিত্র তুলে ধরে তিনি সংসদে বলেন, 'আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের নির্মম শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে গত তিন মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা নাজুক ও ভয়াবহ।'
রুমিন ফারহানা বলেন, 'অর্থনীতি এবং আইনশৃঙ্খলা এই দুটো বিষয়ের ওপরই এই সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, আর বাকি ৫০ ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর।'
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় আক্ষেপ প্রকাশ করেন রুমিন ফারহানা।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার এই খতিয়ান আরও স্পষ্ট করে বলা সহজ হতো উল্লেখ করে তিনি জানান, 'সরকারের সফলতার বড় অংশই মূলত অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে।'
