আগস্টের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-জুতা বিতরণ শুরুর পরিকল্পনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম ও জুতা বিতরণ কার্যক্রম আগামী আগস্টের মধ্যেই শুরু করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রথম ধাপে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, 'দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া পাইলট প্রকল্পের মাধ্যমে এ উদ্যোগের কার্যকারিতা যাচাই করা হবে।'
সভায় জানানো হয়, দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলোর সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য ৪ লাখের বেশি ইউনিফর্ম পাওয়া যাচ্ছে। একই ধরনের সহযোগিতা দেশের জুতা শিল্প থেকেও প্রত্যাশা করছে সরকার।
পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স, সাইজের বৈচিত্র্য, ছেলে ও মেয়েদের চাহিদা এবং সরবরাহ সক্ষমতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত চাওয়া হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, 'অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহের জন্য সরকার ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।'
তিনি বলেন, 'সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এ কর্মসূচির বাস্তবায়ন শুরু করে আগস্ট মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার।'
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং দেশের বিভিন্ন ফুটওয়্যার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
