হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
আজ রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩২৪ জন রোগী। এর মধ্যে ৫৩ জনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৯০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৪৯৫ শিশুর মৃত্যু হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত পরীক্ষাগারে মোট ৯ হাজার ৪৯ জনের হাম শনাক্ত হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত ৭০ হাজার ৯৩৬ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ৫২ হাজার ৮৪১ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
