দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭৫
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নিয়ে আরও ১১ শিশু মারা গেছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৬৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৭৩ জন রোগীর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামের সংক্রমণে অন্তত ৭৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে হামের উপসর্গে মারা গেছে আরও ৩৯৮ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৫।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট মোট ৭ হাজার ৯২৯ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
বলা হয়েছে, সারা দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ৪০ হাজার ৯০ জন জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
