ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে চিহ্নিত ডাকাত দলের হামলার শিকার হয়েছেন র্যাবের তিন সদস্য। তাঁদের আটকে রেখে মারধর ও জখম করার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. নূরনবী।
আটককৃতরা হলেন—খাগাতোয়া গ্রামের আব্দুল কাদির (৬২), রাহিম আহমেদ (২০), অপু মিয়া (১৯), নুর আলম (১৯) ও ছানোয়ারা বেগম (৪৮)।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতকাল সোমবার (১১ মে) বিকেলে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহে যান র্যাব-৯-এর গোয়েন্দা শাখার তিন সদস্য—কাজল, মালেক ও রাশেদ। পথিমধ্যে চিহ্নিত 'শফিক বাহিনী'র ডাকাতরা তাঁদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। সেখানে তাঁদের আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এ সময় এক র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র্যাবের অন্য একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে।
কোম্পানি কমান্ডার মো. নূরনবী বলেন, "অভিযুক্তদের গ্রেপ্তারে গতকাল রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত খাগাতোয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে শফিক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও র্যাব সদস্যদের ওপর হামলাকারী ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।"
পলাতক শফিক ডাকাতকে গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। জখম হওয়া র্যাব সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।
