শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
বিদেশে কর্মী পাঠানোর নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১১ মে) ঢাকা অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়।
এ ছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ আরও ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে জনপ্রতি অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭ হাজার ৫১০ টাকা।
সব মিলিয়ে প্রায় ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা অবৈধভাবে আদায় ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ গ্রহণ, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আসামিরা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন।
