আন্তর্জাতিক মানের বহর গড়তেই বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী
দেশের উড়োজাহাজ বহরে 'আন্তর্জাতিক মানের' বিমান যুক্ত করতেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে ডিসিদের বিমান ও পর্যটন খাতসংক্রান্ত দিকনির্দেশনা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'বিমান বহর আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ইতোমধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার চুক্তি করেছি। পাশাপাশি আরও কিছু বিমান লিজ নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'অব্যবহৃত বিমানবন্দরগুলো মেরামত করে অভ্যন্তরীণ রুট হিসেবে চালু করা হবে।'
চলতি বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের আশা প্রকাশ করে তিনি বলেন, '১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালু করতে পারব বলে আশা করছি।'
