পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখা নিশ্চিত করেই হকারদের সুশৃঙ্খল পুনর্বাসনের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২ মে) ডিএসসিসির আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন। ডিএসসিসির নিজস্ব অর্থায়নে লেন ও বাই-লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১ দশমিক ১ কিলোমিটার রাস্তা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ দশমিক ৬৭ কোটি টাকা।
প্রশাসক বলেন, "বর্তমান সরকার কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নিজেই সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।"
তিনি আরও বলেন, স্থানীয় নাগরিক সমস্যার সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।
ফুটপাতে হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, "অতীতে হকাররা অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখল করায় জনভোগান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এখন থেকে নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন।"
"আমরা পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখা নিশ্চিত করেই হকারদের সুশৃঙ্খল পুনর্বাসনের কাজ করছি," যোগ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, "নতুন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, ডিএসসিসি তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তা পূরণ করবে বলে আমার বিশ্বাস।"
