ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ
ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানের সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে কোনো ব্যাংক লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে পারবে না।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশন এবং সম্পূরক পথ্যজাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন অথবা পূর্বানুমান গ্রহণ বাধ্যতামূলক।
বলা হয়, আইনের বিধান লঙ্ঘন করে পণ্য আমদানি কিংবা বিপণন করতে তা দণ্ডনীয় অপরাধ। তবে কিছু আমদানিকারক প্রতিষ্ঠান ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন ছাড়াই বিদেশ থেকে বিভিন্ন প্রকার সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানি করেছে। এ বিষয়ে পণ্য খালাস না করার জন্য সংশ্লিষ্ট আমদানিকারকরা হাইকোর্ট বিভাগে আলাদা আলাদা মামলা দায়ের করেছে। কাস্টমস কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে।
আরও বলা হয়, পরবর্তীতে আপিল বিভাগ 'ইন কোঅর্ডিন্যান্স উইথ ল' শর্তে পণ্য খালাসের নির্দেশ দিয়েছেন। তাই ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানির জন্য এলসি এবং টেলিগ্রাফ ট্রান্সফার (টিটি) না খোলার বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
