বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক
বিএনপির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিশনের প্রধান ইভার্স ইজাবস। সাত সদস্যের এই প্রতিনিধি দল বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ নির্বাচনি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন ইইউ-এর নির্বাচন পর্যবেক্ষক দল।
একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে সকল অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তারা।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং মাহদী আমিন।
বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দল বিএনপির কাছে একটি লিখিত প্রস্তাবনা হস্তান্তর করে, যেখানে নির্বাচন কেন্দ্রিক ১৯টি সুপারিশ তুলে ধরা হয়েছে। এই ১৯টি সুপারিশের মধ্যে ৬টি বিষয়কে 'অগ্রাধিকার সুপারিশ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
