হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সারাদেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতার কারণ খুজে বের করতে গঠিত কমিটি কী কাজ করছে, তা নিয়ে দুই সপ্তাহ পর প্রতিবেদন দাখিলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা ও হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
তবে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।
রিটে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে, গত ১ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে। লিগ্যাল নোটিশে আইনজীবী একলাছ উদ্দিন উল্লেখ করেন, টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এছাড়া আক্রান্ত অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
