কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার
কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে বুলেট বৈরাগী নামের এক কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। চাকরির সুবাদে তিনি কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার ৯ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
ঘটনার পূর্বাপর সম্পর্কে নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট তার একমাত্র ছেলে। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন তিনি। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। সে সময় তিনি কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস থেকে নেমে রাজগঞ্জের বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন।
তবে পরিবারের দাবি, রাত আড়াইটার পর বুলেটের ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা কয়েকবার কথা বলে। এরপর থেকেই তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে শনিবার সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'
