সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ ও ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় আয়োজিত ছাত্রদলের এক জরুরি সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তদন্ত কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে, ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার (৪) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উক্ত তদন্ত কমিটিকে আগামী পাঁচ (৫) দিনের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
