সরকার মে মাসের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের ব্যবস্থা করেছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদে জানিয়েছেন, সরকার মে মাসের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জ্বালনি তেলের ব্যবস্থা করেছে। জুন ও জুলাই মাসের জন্য প্রস্তুতি চলছে।
আজ বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপন করা বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
মজুদ, বিতরণ ও বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গড়ে ১৮৬.৫৯ শতাংশ বেড়েছে।
তিনি বলেন, মুল্য সমন্বয়ের প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও বোরোর ভরা মৌসুমে দাম বাড়ানো হয়নি। যখন বোরো ধানের সেচের চাহিদা কমেছে তখন ১৪ এপ্রিলের পরে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম বাড়ানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের সংকট দূর করার জন্য বিরোধী দলসহ যেকারোর কোনো সুস্পষ্ট পরিকল্পনা থাকে, সরকার সেই পরিকল্পনা গ্রহণ করতে চায়।
