গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
গুম-সংক্রান্ত আইনে বিদ্যমান ফাঁকফোকর দূর করে একটি শক্তিশালী আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালকের গুমের ঘটনায় তাদের সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশ একটি দুঃসময় অতিক্রম করে এখন সুসময়ের দিকে এগোচ্ছে। তবে এ সুসময় শুধু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, পুরো জাতির জন্য নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো রয়েছে। তবে এখন অন্তত গ্রেপ্তার, গুম বা ক্রসফায়ারের ভয় কমেছে—এটিই সুসময়ের লক্ষণ।"
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত হলেই প্রকৃত সুসময় প্রতিষ্ঠিত হবে। ক্ষমতার অপব্যবহার বন্ধ করাকেও তিনি এর অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন।
সরকারের প্রতি শক্ত আইন প্রণয়নের আহ্বান জানিয়ে রিজভী বলেন, "এমন আইন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার গুমের মতো অমানবিক পন্থা ব্যবহার করতে না পারে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করার সুযোগ না পায়।"
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় আসার পর সরকার দ্রুত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। কৃষিঋণের সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড ও ফার্মারস কার্ড বিতরণসহ বিভিন্ন উদ্যোগ তার প্রমাণ।
তবে তিনি বলেন, শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। বাজারে সিন্ডিকেট, গ্যাস ও এলপিজি সংকট এবং জ্বালানি সরবরাহের বিষয়ে কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে।
রিজভী অভিযোগ করেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে, যাতে কোনো গোষ্ঠী বাজার বা সম্পদ নিয়ন্ত্রণ করতে না পারে।
