গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আদালত।
প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৩ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি গুমের মামলায় শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে, গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদ গ্রেপ্তার হন। আজ সোমবার বিকেলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত এই আদেশ দেন। উল্লেখ্য, এর আগে অন্য মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নিয়েছে পুলিশ।
