হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা
ইরান যুদ্ধের জেরে পারস্য উপসাগরে আটকে পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। তবে ইরান সব জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর জাহাজটিকে নোঙর তোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) জাহাজটিকে নোঙর তুলে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দিকে রওনা হওয়ার জন্য বলেছে। তবে তার আগে ইরানের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলেই যাত্রা করবে জাহাজটি।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হরমুজ পুনরায় খোলার খবর পাওয়ার পর রাত ৯টার দিকে এই নির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, "হরমুজ পুনরায় খোলার খবর পাওয়ার পর আমরা জাহাজটিকে নোঙর তুলতে বলেছি। একই সঙ্গে ইরান সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলেই জাহাজটি হরমুজ অতিক্রম করে ফুজাইরাহতে যাবে জ্বালানি নেওয়ার জন্য।"
তিনি আরও বলেন, "ফুজাইরাহ থেকে চার্টারার তিনটি সম্ভাব্য রুট দিয়েছে—দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক অথবা ব্রাজিল। চার্টারার যে গন্তব্য নির্ধারণ করবে, জয়যাত্রা সেদিকেই যাত্রা করবে।"
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে প্রায় ৪০ দিন ধরে ওই অঞ্চলে আটকে ছিল জাহাজটি। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির পর জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা হয়ে হরমুজ প্রণালির দিকে যাত্রা করে। ১০ এপ্রিল প্রণালির কাছাকাছি পৌঁছালেও ইরান কর্তৃপক্ষ সেটিকে অতিক্রমের অনুমতি দেয়নি। জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন।
