মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
আফ্রিকার দেশ ক্যামেরুনে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। আজ সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
শুক্রবার (১৭ এপ্রিল) সরকারের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির এপিডেমিওলজিস্ট মশফিকুর রহমান বিটু সচিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত ক্যামেরুনে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন মাহবুবুর রহমান।
সফর শেষে দেশে ফেরার পর গত ১১ এপ্রিল তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
এপিডেমিওলজিস্ট মশফিকুর রহমান বিটু বলেন, 'সচিব মহোদয়ের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পর আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আফ্রিকার ম্যালেরিয়া প্যারাসাইট অত্যন্ত শক্তিশালী ও ভিন্ন ধরনের। যে কারণে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।'
