প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সমতা নিশ্চিতে নতুন নীতি: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ সমতা নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি আরও জানিয়েছেন, বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হচ্ছে না।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ প্রদানের ক্ষেত্রে একটি সুষম অনুপাত বজায় রাখা হয়েছে।'
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি স্কুলের প্রতি ৮ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন বৃত্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। অন্যদিকে, বেসরকারি স্কুলের প্রতি ৫ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন এই সুযোগ পাচ্ছে।
ববি হাজ্জাজ আরও বলেন, 'এই অনুপাত বিশ্লেষণ করলে দেখা যায়, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সমান সুযোগ লাভ করছে।'
