বিপিসিতে বড় রদবদল: যমুনা অয়েলের এমডিসহ ৭ কর্মকর্তার দপ্তর পরিবর্তন
জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রধানসহ সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়।
অফিস আদেশে কর্মকর্তাদের অবিলম্বে নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে এবং যোগদানের সময়সীমা একই দিন দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে নতুন পদে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের পূর্বের পদ থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
রদবদল অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একই সঙ্গে বিপিসির সিনিয়র মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যমুনা অয়েলের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আমির মাসুদকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
বিপিসির সিনিয়র মহাব্যবস্থাপক (অডিট) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়েছে। অন্যদিকে, ওই প্রতিষ্ঠানের সিইও ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া মুহাম্মদ মোরশেদ হোসেন আজাদকে মহাব্যবস্থাপক (অর্থ) এবং বিপিসি চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত মোহাম্মদ জাহিদ হোসেনকে মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) পদে পদায়ন করা হয়েছে। সাবেক মহাব্যবস্থাপক (অর্থ) মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (অডিট) পদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর রিফাইনারি অপারেশন, বিপণন, পরিকল্পনা ও প্রশাসনিক ক্ষেত্রেও বেশ কয়েকজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে দেশে জ্বালানি তেল আমদানি, পরিশোধন ও বিতরণ কার্যক্রমে বিপিসি যখন নানামুখী চাপের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই বড় প্রশাসনিক পরিবর্তন আনা হলো।
