জিডিপির তথ্য বিভ্রাট নিয়ে অতীতে সমালোচনা করেছি, এখন সঠিক তথ্য তুলে ধরা দায়িত্ব: জোনায়েদ সাকি
তথ্য ও উপাত্ত নির্ভরযোগ্যভাবে উপস্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, তথ্য উপস্থাপনে কোনো প্রকার ম্যানিপুলেশন বা কারচুপি সহ্য করা হবে না। বর্তমান সরকারের মূল অঙ্গীকার হলো সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিবিএস-এর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং কর্তৃক বাস্তবায়নাধীন 'ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদ (কিউজিডিপি) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদ (ডিজিডিপি) উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
তথ্য-উপাত্তের স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, "দেশের অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য সঠিক ও নির্ভুল তথ্যের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি খাতে সঠিক তথ্য নিশ্চিত করা গেলে তথ্যের ওভারল্যাপিং (দ্বৈততা) বন্ধ হবে এবং অপতথ্য কমে আসবে।"
তিনি আরও বলেন, "বর্তমান সরকারের মূল অঙ্গীকার হলো তথ্য ও উপাত্তকে নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনায় তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এখানে কোনো প্রকার ম্যানিপুলেশন বা কারচুপি সহ্য করা হবে না।"
বিগত সরকারের সময়ের জিডিপির তথ্য নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনা প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, "আমরা অতীতে জিডিপি নিয়ে তথ্য বিভ্রাটের সমালোচনা করেছি। তাই আমাদের দায়িত্ব এখন সঠিক তথ্যটা জনগণের সামনে তুলে ধরা। তথ্যের নির্ভরযোগ্যতা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।"
বিবিএস-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। সেমিনারটি সঞ্চালনা করেন বিবিএস-এর পরিচালক মুহাম্মদ আতিকুল কবীর।
সেমিনারে বক্তারা জেলাভিত্তিক জিডিপি (ডিজিডিপি) এবং ত্রৈমাসিক জিডিপি (কিউজিডিপি) নির্ণয়ের পদ্ধতিগত উন্নয়ন ও এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
