জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে।
তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে রায় দিয়েছে। বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি জনসভায় ফরিদপুরে এসে গণভোটের পক্ষে সমর্থন চেয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা টালবাহানা করছেন, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মো. বদর উদ্দিন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে। অথচ সরকারে গিয়ে বিএনপি তাদের আত্মত্যাগ ভুলে গিয়ে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনায় মরিয়া হয়ে উঠেছে। দেশের জনগণ এটা মেনে নেবে না। এ সময় তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ১১ দলের সদস্যসচিব মাওলানা আমজাদ হোসেন, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক বায়োজিদ হোসেন শাহেদ, ১১ দলের মুখপাত্র মুফতি আবু নাসির, আব্দুল ওয়াহাব, সদস্য মাওলানা হাফিজুর রহমান, কারী মিজানুর রহমান সহ জোটের স্থানীয় নেতারা।
