২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৬০ জন
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি আরও ২২৪ জন রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট এক হাজার ৩৯৮ জন রোগীর হাম ল্যাবে নিশ্চিত করা হয়েছে।
দেশে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১২৮ শিশু।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দেশজুড়ে মোট নয় হাজার ৮৮৩ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন ছয় হাজার ৮৮৩ জন রোগী।
