সংসদে সাউন্ড সিস্টেমে ত্রুটি: ২০ মিনিট অধিবেশন স্থগিত রাখলেন স্পিকার
সাউন্ড সিস্টেমে যান্ত্রিক গোলযোগের কারণে আজ রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছেন স্পিকার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ চলাকালীন শব্দ বিভ্রাটের ঘটনা ঘটল।
১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম কার্যদিবসে আজ বিকেল ৫টা ৫২ মিনিটে এই বিপত্তি ঘটে। ওই সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
সংসদ সূত্রে জানা গেছে, চিফ হুইপ নূরুল ইসলাম মনি যখন ফ্লোর নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেয় এবং শব্দ বন্ধ হয়ে যায়।
যান্ত্রিক এই সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব না হওয়ায় স্পিকার অধিবেশনের কার্যক্রম ২০ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করেন। এছাড়া মাগরিবের নামাজের বিরতির জন্য সংসদ আরও ২০ মিনিটের জন্য মুলতবি রাখা হয়।
