বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ।
সম্প্রতি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনাকালে তিনি বলেন, "বর্তমানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।"
সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেন, নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা এবং উভয় দেশের অভিন্ন মূল্যবোধ দুই রাষ্ট্রকেই আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তুলছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে পাল কাপুর দুই দিনের বাংলাদেশ সফর করেন। সেই সফরে তিনি মার্কিন অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি আমেরিকান ব্যবসায়ীদের জন্য বাজারের প্রসার, অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় গভীরতর সমন্বয় নিয়ে কথা বলেন। এছাড়া তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন।
এদিকে, গত ৩১ মার্চ ওয়াশিংটন ডি.সি.-তে মার্কিন জ্বালানি দপ্তরে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে ড. রহমান বিশ্বজুড়ে সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার কারণে বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন জ্বালানি সচিবের কাছে বিশেষ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বৈঠকে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বাংলাদেশের বর্তমান জ্বালানি চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করেন। তিনি এই কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা দেওয়ার ক্ষেত্রে তার দেশের অঙ্গীকার ব্যক্ত করেন। ক্রিস রাইট আশ্বাস দেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনুরোধগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তিনি ও তার দল এ লক্ষ্যে মার্কিন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন।
