হামে ৪৭ শিশুর মৃত্যু: প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
দেশে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এই রিট দায়ের করেন। রিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটে আদালতের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে; যেখানে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হার, টিকাদানের পরিমাণ, টিকার প্রাপ্যতা এবং সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত উল্লেখ থাকবে।
একই সঙ্গে টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ অনুসন্ধানে স্বাধীন, সময়সীমাবদ্ধ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা নিশ্চিত না করা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে ঘাটতি সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন।
তাই অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু এবং টিকা, সিরিঞ্জসহ প্রয়োজনীয় সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।
