ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপের অংশ হিসেবে আগামীকাল চারটি ভেন্টিলেটর মেশিন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি জানিয়েছেন, চারটি ভেন্টিলেটর মেশিন সরবরাহের জন্য স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী আগামীকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। পাশাপাশি, আরও ১২টি ভেন্টিলেটর পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানান তিনি।
আজ রোববার (২৯ মার্চ) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রূপগঞ্জে অনুষ্ঠিত '১৭তম এশিয়া ফার্মা এক্সপো'-তে অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, 'হাসপাতালে সংকট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করা হচ্ছে।'
রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ১১ দিনে ভেন্টিলেশনের অভাবে ৩৩ শিশুর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সংকটে গত দুই সপ্তাহে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি মাসের ১০ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে এসব শিশু মারা যায়।
ডা. মোস্তফা কামাল জানান, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ শয্যার একটি আইসিইউ ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ১২টি শয্যা প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য এবং ১৬টি শয্যা জেরিয়াট্রিক রোগীদের জন্য। বাকি ১২টি শয্যা শিশুদের জন্য নির্ধারিত থাকলেও সেগুলো মূলত হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় চালু করা হয়েছে, যেগুলোর কোনো দাপ্তরিক অনুমোদন নেই।
