তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না: আইজিপি
তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এট ঠিক না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
তিনি বলেন, 'শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না। এতে আমাদের সবার ক্ষতি হয়।'
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আরএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় ৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, 'পুলিশসহ অনেক লোক মারা গেছে, আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার, যা হবার তাই হবে।'
আলী হোসেন ফকির বলেন, 'আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হওয়ায় ব্যাংকগুলোর খারাপ অবস্থা।'
তিনি বলেন, 'তরুণরা মাদক ও ছিনতাই এ জড়িয়ে পড়ছে। পুলিশের অবস্থান হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরইমধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।'
সংকটের কারণে জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, 'দু-একটা পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা একটু বাড়তি দরে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এক্ষেত্রে আমাদের নৈতিক চিন্তাভাবনা উন্নত করতে হবে।'
তিনি বলেন, 'ঢাকাসহ সব বিভাগীয় শহর স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলছে।'
জামিনের পর আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি জানান, তদন্তাধীন ব্যাপারে তিনি কোনো কথা বলবেন না।
