অননুমোদিত ক্লিনিকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী
অননুমোদিত ক্লিনিকের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কোনো ধরনের অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না। অনিয়মকারী ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, ঈদের আমেজ শেষ হতেই আজ থেকেই রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে।
মন্ত্রী বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব না হলেও ধাপে ধাপে অনিয়ম দূর করা হবে। বেসরকারি ক্লিনিকগুলোকে লাইসেন্স অনুযায়ী নিয়ম মেনে যথাযথ স্বাস্থ্যসেবা দিতে হবে।
ক্লিনিক পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, আজ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত ক্লিনিকগুলো তদারকি করা হবে। পরে পর্যায়ক্রমে সারাদেশে এই অভিযান চালানো হবে।
