ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
ঈদ মানেই ঘরে ফেরা। কিন্তু সেই ঘরে ফেরার পথই যখন হয়ে ওঠে ভোগান্তির, তখন উৎসবের আনন্দ ছাপিয়ে উঠে আসে নির্মম বাস্তবতা। দীর্ঘ যানজট, অপ্রতুল অবকাঠামো, বিশেষ করে নারী ও শিশুদের জন্য অমানবিক ভোগান্তি।
রাজধানী ঢাকা ছাড়ার প্রধান সড়কগুলোতে গত কয়েকদিন ধরেই তীব্র যানজট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকা বাসে আটকে পড়ছেন হাজারো যাত্রী। যেখানে গন্তব্যে পৌঁছাতে সময় লাগে ৪-৫ ঘণ্টা, সেখানে তা বেড়ে দাঁড়াচ্ছে ১০ থেকে ১৫ ঘণ্টায়।
ক্লান্তি, বিরক্তি আর অনিশ্চয়তার মধ্যেই চলছে এই যাত্রা। তবে সবচেয়ে বড় সংকট তৈরি হচ্ছে নারী ও শিশুদের জন্য। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকার কারণে তারা পড়ছেন মারাত্মক শারীরিক ও মানসিক চাপে।
মহাসড়কের পাশে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে একটি সুপারসনি বাস প্রায় তিন ঘণ্টা একই স্থানে আটকে থাকার দৃশ্য দেখা গেছে।
ওই বাসের যাত্রী রোকেয়া নাজনীন বলেন, 'সকাল থেকে রাস্তায় আছি, বাচ্চাটা বারবার বাথরুমের জন্য কাঁদছে। কিন্তু নামার মতো জায়গা নেই, আশেপাশে কোনো ব্যবস্থা নেই।'
শিশুরা দীর্ঘ সময় আটকে থাকার কারণে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাব পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। অনেক শিশু বাসেই বমি বা অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিক চিকিৎসার সুযোগ থাকছে না।
ঈদযাত্রায় এমন ভোগান্তি প্রায় প্রতিটি নারী যাত্রীর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে যাত্রীদের নির্জন স্থানে নেমে প্রয়োজন সারতে হচ্ছে, যা নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে পরিস্থিতি আরও আতঙ্কজনক হয়ে ওঠে।
কর্মজীবী নারী মিথিলা রহমান বলেন, 'এমন একটি জায়গায় যানজটে আটকে আছি, যেখানে জরুরিভাবে কোনো ওয়াশরুম খুঁজে পাওয়া সম্ভব নয়। এটি অত্যন্ত অস্বস্তিকর অভিজ্ঞতা।'
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে ঘিরে অতিরিক্ত যাত্রীচাপ এবং সড়ক ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সুপারসনি পরিবহনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সুপারভাইজার জানান, 'দীর্ঘ সময় এভাবে আটকে থাকলে শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়। অসুস্থও লাগে। তবে নারী ও শিশু যাত্রীদের কষ্ট সবচেয়ে বেশি।'
ঈদের আনন্দের পথে এই যন্ত্রণার যাত্রা অদৃশ্য বাস্তবতা, যেখানে ঘরে ফেরার আকাঙ্ক্ষা প্রতিনিয়ত লড়াই করে সীমাহীন ভোগান্তির সঙ্গে।
