উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
রাজধানীর উত্তরায় পার্কিং নিয়ে বিবাদের জেরে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে একটি শপিং মল ঘেরাও করে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ রিকশাচালকরা।
কয়েকটি স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে উত্তরা স্কয়ার শপিং মলের সামনে পার্কিং নিয়ে দুই পক্ষের বিবাদ হয়।
ওই বিবাদের জেরে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ে। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পারেনি টিবিএস।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মৃত্যুর গুজবটি দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে কয়েকশো উত্তেজিত রিকশাচালক সড়ক অবরোধের পাশাপাশি ভবনে ভাঙচুর করেন। ওই রিকশাচালকের কথিত হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বাইরে জড়ো হওয়া বিক্ষুব্ধ মানুষজনও শপিং মলে ইট-পাথরও ছোড়ে।
জানা গেছে টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে এই উত্তেজনা চলে। এর জেরে ১৩ নম্বর সেক্টরসহ আশপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় বেশ কিছুক্ষণ এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
ঘটনাস্থল থেকে উত্তরা পশ্চিম থানা ঢিলছোড়া দূরত্বে অবস্থিত হলেও ঘটনার প্রথমদিকে সেখানে পুলিশ পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
রাত আড়াইটায় এই প্রতিবেদন লেখার সময় উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে ফোন এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি।
তবে রাত সাড়ে ৪টার দিকে এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, 'বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্যদের মোতায়েন করা হয়েছে।'
