জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে জ্বালানি পাচার রোধে যশোরের বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অস্থিরতার কারণে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নজরদারি বাড়াতে ইতিমধ্যে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ডিজেল ও পেট্রোলের অবৈধ পরিবহন ও পাচার রুখতে বৃহস্পতিবার রাত থেকে বেনাপোল স্থলবন্দরের পাশাপাশি শার্শা ও চৌগাছা সীমান্ত পয়েন্টে বিশেষ ব্যবস্থা নিয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশির জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া বেনাপোল স্থলবন্দর গেটে পণ্যবাহী দেশি ও ভারতীয় ট্রাকগুলো নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, "জ্বালানি পাচার রোধে যশোরের সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সব ধরনের সন্দেহজনক চলাচল ও যানবাহনের ওপর কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।"
এদিকে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ভারতগামী ট্রাকও তল্লাশী চলছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকও যেন এদেশ থেকে অতিরিক্ত জ্বালানি ভরে ভারত চলে যেতে না পারে সেটিও নজরদারির করেছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে যেন জ্বালানি তেল পাচার হতে না পারে সেজন্য আমরা সতর্ক রয়েছি। দায়িত্বপূর্ণ এলাকার ফিলিং স্টেশনগুলো সরকারি নির্দেশনা মেনে জ্বালানি বিক্রি করছে কিনা সেটি তদারিক করা হচ্ছে। সামান্য পরিমাণ তেলও দেশ থেকে পাচার হয়ে বাইরে যাবে এটা আমরা হতে দিবো না।
