আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ঢাকা–দুবাই রুটে ইউএস-বাংলার দুই বিশেষ ফ্লাইট
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আজ (৪ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেখান থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলে আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি আগামীকাল (৫ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
যাত্রীদের জরুরি ভ্রমণের প্রয়োজন বিবেচনায় পর্যাপ্ত আসন নিশ্চিত করতে ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইটের নম্বর বিএস-৩৪১ এবং দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের নম্বর বিএস-৩৪২।
বর্তমান পরিস্থিতিতে মানবিক সহায়তার বিবেচনায় এসব ফ্লাইট পরিচালনার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে বিশেষ অনুমতি দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।
এয়ারলাইন্স জানিয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার কাছাকাছি, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে।
বুকিং বা সহায়তার জন্য যাত্রীদের বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া বিস্তারিত জানতে গ্রাহকেরা হটলাইন ১৩৬০৫ অথবা মোবাইল নম্বর +৮৮০ ১৭৭৭ ৭৭৭৮০০–৮০৬-এ যোগাযোগ করতে পারবেন।
