গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত সচিবদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যেসব মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিতে সচিব নিয়োগ দেওয়া হয়েছে- কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
কৃষি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রফিকুল আই মোহাম্মদ, স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল হাসান, আর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন আবদুল খালেক।
তাদের সবাইকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
